শিরোনাম :
সিলেটে এবার প্রাণ গেল যুবকের, হাসপাতালে ভর্তি ১৩৬ হবিগঞ্জে নৃসিংহ মন্দির উদ্বোধন, ৩০ হাজার ভক্ত-দর্শনার্থীর সমাগম ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা ও মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত সিলেটে হচ্ছে একাধিক বিশেষায়িত হাসপাতাল, জানালেন বাণিজ্যমন্ত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসবের উদ্বোধন কালে সিউক চেয়ারম্যান বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক মালয়েশিয়ায় সিলেটের যুবকের মৃত্যু, বাবার মুখ দেখল না ২৬ দিনের সন্তান সিলেট-তামাবিল মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত সিলেটে হামে আরও দুই শিশুর মৃত্যু হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিস উদ্বোধন ও সনদপত্র বিতরণ

হবিগঞ্জে নৃসিংহ মন্দির উদ্বোধন, ৩০ হাজার ভক্ত-দর্শনার্থীর সমাগম

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত শ্রীশ্রী নৃসিংহ জিউ মন্দিরের উদ্বোধন ঘিরে হবিগঞ্জে ভক্ত-দর্শনার্থীদের ঢল নামে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ শহরের বগলা বাজারে মন্দিরটির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ। দিনব্যাপী আয়োজনে প্রায় ৩০ হাজার ভক্ত ও দর্শনার্থী অংশ নেন বলে জানিয়েছেন আয়োজকেরা। সিলেট বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা অনুষ্ঠানে যোগ দেন।

৬ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত মন্দিরটি আধুনিক স্থাপত্যশৈলী ও দৃষ্টিনন্দন কারুকার্যে সাজানো হয়েছে। এতে রয়েছে তিনটি দৃষ্টিনন্দন গম্বুজ। একসঙ্গে সহস্রাধিক ভক্তের উপাসনার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। মন্দিরটির স্থাপত্যশৈলী ও নির্মাণকাজ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

উদ্বোধন উপলক্ষে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে শুরু হয় নানা ধর্মীয় আয়োজন। বৈদিক হোমযজ্ঞ, হরিনাম সংকীর্তন, কীর্তন মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শিশু, নারী ও বয়োজ্যেষ্ঠদের উপস্থিতিতে দিনভর মুখর ছিল মন্দির প্রাঙ্গণ। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তদের অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় মিলনমেলায়। এ সময় উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে সুস্বাদু কৃষ্ণ মহাপ্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয় গৌর দাস ব্রহ্মচারী। উপস্থিত ছিলেন শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ ও ভাগবত করুণ দাস ব্রহ্মচারীসহ ইসকনের বিভিন্ন পর্যায়ের সন্ন্যাসী, ব্রহ্মচারী, ভক্ত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ জি কে গউছ বলেন, সরকারি উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা উদ্বোধনের সময় তিনি নিজের নামের ফলক লাগান না। নামের ফলক যে টিকে থাকে না, তার প্রমাণ বাংলাদেশের মানুষ ৫ আগস্ট দেখিয়ে দিয়েছে। ফলক লাগাতে হলে মানুষের হৃদয়ে লাগাতে হবে। মানুষের হৃদয়ে একবার ফলক স্থাপন করতে পারলে সেই ফলক কখনো ভাঙা যাবে না।

তিনি আরও বলেন, ইসকনে যারা আসবেন, তাঁদের সঙ্গে মাদকের কোনো সম্পর্ক থাকে না। এখানে কোনো দুষ্ট মানুষের স্থান নেই। ইসকন শুধু ধর্মীয় কর্মকাণ্ডে সীমাবদ্ধ নয়; আর্তমানবতার সেবা, মানুষের কল্যাণ এবং বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের হৃদয় জয় করার চেষ্টা করছে। রাজনীতিবিদ হিসেবে তাঁরাও মানুষের জন্য একই কাজ করেন।

মন্দিরটির সঙ্গে নিজের পুরোনো স্মৃতির কথা তুলে ধরে জি কে গউছ বলেন, তিনি যখন পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তখন এই মন্দিরটি ছিল অরক্ষিত। মন্দিরের সাধুরা বারান্দায় রাত কাটাতেন আর স্বপ্ন দেখতেন, এখানে একদিন বড় একটি মন্দির হবে, মানুষের পদচারণে মুখর হয়ে উঠবে। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। একসময় ইসকনের পাশে দাঁড়াতে কেউ সাহস পেতেন না, তখন তিনি ইসকনের পাশে দাঁড়িয়েছিলেন।

আয়োজকেরা জানান, মন্দিরটি নির্মাণের পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিকল্পনা ও ভক্তদের প্রচেষ্টা। এখানে নিয়মিত ধর্মীয় অনুষ্ঠান, উপাসনা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা রয়েছে। তাঁদের আশা, ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি মানবিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় মন্দিরটি ভূমিকা রাখবে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain