গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাটে তিন দশকেরও বেশি সময় ধরে চলে আসছে ভারতীয় শিলং তীরের জুয়া। সময়ের সঙ্গে কৌশল পাল্টে প্রকাশ্য আসরের পরিবর্তে এখন মোবাইল ফোন ও ইন্টারনেটনির্ভর বিভিন্ন মাধ্যমে গোপনে পরিচালিত হচ্ছে এ কার্যক্রম। এক টাকার বিপরীতে ৭০ টাকা পাওয়ার প্রলোভনে এতে যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন শ্রমিক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ১২ নম্বর গোয়াইনঘাট সদর ইউনিয়নের তিতারাই সিএনজি স্ট্যান্ডসংলগ্ন জসিম উদ্দিনের চায়ের দোকানে অভিযান চালিয়ে জুয়ায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও জুয়া খেলার নম্বর লেখা একাধিক বই জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউসুফ (৪০) নামে আরও একজন পালিয়ে যান।
স্থানীয় প্রবীণদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে উপজেলার বিভিন্ন এলাকায় শিলং তীরের জুয়ার কার্যক্রম চলে আসছে। বিশেষ করে পূর্ব জাফলং, মধ্য জাফলং, পশ্চিম জাফলং, গোয়াইনঘাট সদর, বিছনাকান্দি ও আলীরগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় এর বিস্তার রয়েছে।
জানাজায়, শিলং তীর ভারতের মেঘালয় রাজ্যের শিলংকেন্দ্রিক একটি বাজির খেলা। বাংলাদেশে স্থানীয় এজেন্টদের মাধ্যমে ০০ থেকে ৯৯ পর্যন্ত বিভিন্ন জোড়া সংখ্যার বিপরীতে টাকা বাজি ধরেন খেলোয়াড়রা। নির্ধারিত ফলাফলে বাজি ধরা সংখ্যা মিলে গেলে প্রতি এক টাকায় ৭০ টাকা পাওয়ার সুযোগ থাকে। অর্থাৎ ১০০ টাকা বাজি ধরে পছন্দের সংখ্যা বিজয়ী হলে পাওয়া যায় ৭ হাজার টাকা। অস্বাভাবিক মুনাফার এই প্রলোভনেই আকৃষ্ট হন অনেকে।
স্থানীয় সূত্র জানায়, আগে সীমান্তের ওপার থেকে মুঠোফোনে বিজয়ী সংখ্যার ফলাফল জানানো হতো। পরে স্থানীয় এজেন্টদের মাধ্যমে বিজয়ীদের টাকা পরিশোধ করা হতো। সময়ের সঙ্গে প্রযুক্তির ব্যবহার বাড়ায় এ কার্যক্রমেও এসেছে পরিবর্তন। বর্তমানে ‘তীর শিলং’ নামের অনলাইন সার্ভারে ফলাফল দেখার পাশাপাশি এসএমএস, ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মতো যোগাযোগমাধ্যম ব্যবহার করে সীমান্তের ওপারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ, ফলাফল সংগ্রহ ও লেনদেন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, একসময় সামাজিক আন্দোলন ও এলাকাবাসীর প্রতিরোধের মুখে প্রকাশ্যে এ জুয়ার কার্যক্রম অনেকটা নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু পুরোপুরি বন্ধ না হয়ে কৌশল পাল্টেছে। এখন স্থানীয় এজেন্টরা মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে গোপনে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
নিঃস্ব হচ্ছেন শ্রমজীবী মানুষ
স্থানীয় বাসিন্দা আশিকুল মিয়া অভিযোগ, এ জুয়ার ফাঁদে বেশি পড়ছেন দরিদ্র শ্রমিক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। অল্প টাকায় রাতারাতি অধিক মুনাফার আশায় তাঁরা দৈনিক উপার্জনের অর্থ বাজি ধরছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সংখ্যার মিল না হওয়ায় হারাচ্ছেন কষ্টার্জিত অর্থ। অন্যদিকে এজেন্ট ও আয়োজকেরা লাভবান হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। তবে এ কার্যক্রমের আর্থিক লেনদেন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়ের পরিমাণ সম্পর্কে নির্ভরযোগ্য কোনো হিসাব পাওয়া যায়নি।
এদিকে শুক্রবার রাতের অভিযানে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের নির্দেশনায় এসআই মিজানুর রহমান ও এসআই (নিঃ) বিনয় বসাক সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় তিতারাই গ্রামের জসিম উদ্দিন (৪২) ও উত্তর গ্রামের মো. মোশারফকে (৩১) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও জুয়া খেলার নম্বর লেখা একাধিক বই জব্দ করা হয়েছে। এ ঘটনায় ২৮ নভেম্বর সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০ ধারায় গোয়াইনঘাট থানায় মামলা (নম্বর-২৫) করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, অনলাইন জুয়া ও ভারতীয় শিলং তীরের কার্যক্রমের অভিযোগে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০ ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অনলাইন জুয়া ও অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।