অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেট মহানগরের আওতাধীন ৬ থানার সাঁড়াশি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গত শনিবার (৭ মার্চ) রাতে সিলেটের মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, গত ২৪ ঘন্টায় সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে আমরা শতাধিক অপরাধীদের আটক করেছি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। এখন নিয়মিত সাঁড়াশি অভিযান চলবে।
এদিকে, শনিবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেইজে দেয়া তথ্যনুযায়ী, বৃহস্পতিবার রাত ১২ টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) সমন্বয়ে পরিচালিত অভিযানে আটজন ছিনতাইকারী, বিভিন্ন মামলার দুইজন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭৭ পিস ইয়াবা ও ১০ পুরিয়া গাঁজাসহ ১০ জন মাদককারবারি, পাঁচজন মাদকসেবী, ২৬ জন চোরাচালানকারী এবং ১৯ জন সন্দেহভাজন ব্যক্তিসহ ৭০ জনকে আটক করে পুলিশ। এসময় অভিযানে শাহপরাণ (রহ.) থানা ও ডিবি পুলিশের অভিযানে ৩৯ লাখ ৩০ হাজার ১৬০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার করা হয়।
অন্যদিকে সিলেটে ছিনতাইয়ের ঘটনায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আইনশৃঙ্খলা বাহিনীকে অপরাধ রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।