অনুসন্ধান ডেস্ক ::: হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ চারজন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই নিকটাত্মীয়।
রবিবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার আন্দিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের খাদ থেকে দুর্ঘটনাকবলিত একটি পিকআপ ভ্যানসহ চারজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পানিতে থাকা পিকআপটির ভেতর থেকে এক নারী ও তিন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনো গাড়ির ধাক্কা কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি খাদে পড়ে যায়।
তিনি আরও বলেন, গাড়িতে বাড়ির আসবাবপত্র ও মালামাল ছিল। এতে ধারণা করা হচ্ছে, নিহতরা একই পরিবারের সদস্য বা নিকটাত্মীয় এবং তারা বাসা পরিবর্তন করছিল।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, নিহতদের বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায়। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। মরদেহগুলো হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।