অনুসন্ধান ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সমাজ পরিবর্তনের শুরু হতে হবে ব্যক্তির নৈতিক ও চারিত্রিক পরিবর্তনের মাধ্যমে। আর সেই পরিবর্তনের জন্য মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে। সৎ, চরিত্রবান ও নিঃস্বার্থ মানুষকে নেতৃত্বের জন্য প্রস্তুত করার কাজও দাওয়াতি কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। জামায়াত সমাজের সর্বস্তরে নৈতিকতা, সততা ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে চায়।
তিনি বলেন, দাওয়াত শুধু একটি আহ্বান নয়, এটি একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের আন্দোলন। সন্ত্রাস, দুর্নীতি, অন্যায় ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আল্লাহভীরু ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। জামায়াত দাওয়াতের মাধ্যমে মানুষের চিন্তা ও চরিত্রের ইতিবাচক পরিবর্তন ঘটিয়ে সমাজের প্রতিটি স্তরে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করতে কাজ করছে। রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক মুক্তির পাশাপাশি মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তিনি সবাইকে এ কাজে সহযোগিতার আহ্বান জানান।
তিনি গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে সিলেট মহানগরীর বারখলা এলাকায় দক্ষিণ সুরমা থানার ২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বারখলা ইউনিট সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও সেক্রেটারী লিটন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানা আমীর ও ২৫নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন এবং ২৫নং ওয়ার্ড সভাপতি এম এ ওয়াদুদ।
সভায় উপস্থিত ছিলেন সমাজসেবী লায়েক আহমদ, আক্তার হামিদ সুমন, হাছানুল হক শিমুল ও আমিনুল ইসলাম সুফি প্রমুখ।
সভায় জামায়াতের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে সহযোগি সদস্য ফরম পূরণ করে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ জামায়াতে যোগদান করেন।