অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সিলেটে পূর্বে রোপণ করা বৃক্ষগুলোর পরিচর্যা ও সংরক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক উৎফল বড়ুয়ার উদ্যোগে এ পরিচর্যা কর্মসূচি পরিচালিত হয়। সংগঠনের উদ্যোগে গত ৩১ জুলাই ও ৭ আগস্ট সিলেটের বিভিন্ন স্থানে রোপণ করা বৃক্ষগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ, আগাছা পরিষ্কার, প্রয়োজনীয় মাটি সংরক্ষণ এবং গাছের সুষ্ঠু বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিচর্যা করা হয়।
এ সময় আয়োজকরা বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই পরিবেশ রক্ষার দায়িত্ব শেষ হয় না। রোপণ করা প্রতিটি গাছকে বাঁচিয়ে তোলা এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তোলাই প্রকৃত অর্থে পরিবেশ সুরক্ষার অঙ্গীকার। বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি পরিচালনা করে আসছে।
বৃক্ষ পরিচর্যা কর্মসূচিতে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ, সদস্য ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।