অনুসন্ধান ডেস্ক ::: সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্য ধারণ করে আসছে। এ নগরীতে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার সঙ্গে বসবাস করেন। সিটি করপোরেশনও সব ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের প্রতিষ্ঠান। নাগরিক সেবা ও সুযোগ-সুবিধা সবার জন্য সমানভাবে উন্মুক্ত।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে সিলেট বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিটি করপোরেশন জনগণের করের অর্থে পরিচালিত হয়। তাই নগরীর প্রতিটি নাগরিকের প্রতি এ প্রতিষ্ঠানের সমান দায়িত্ব রয়েছে। নাগরিক সেবা শুধু জন্ম ও মৃত্যুনিবন্ধনের মধ্যে সীমাবদ্ধ নয়। সামাজিক নিরাপত্তা ও মানুষের জীবনমান উন্নয়নেও সিটি করপোরেশন কাজ করছে।
তিনি বলেন, বর্তমান সরকার সব শ্রেণি-পেশার মানুষকে স্বাবলম্বী ও এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। সিটি করপোরেশনও এসব কার্যক্রমে সহযোগিতা করছে। বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন উদ্যোগেও সিটি করপোরেশন পাশে থাকার চেষ্টা করবে।
বৌদ্ধ বিহারের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তিনি বলেন, স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের সহযোগিতায় বিহারটির সুন্দর ভবন নির্মিত হয়েছে। বিহারের তৃতীয় তলায় শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা অতিথিদের থাকার ব্যবস্থা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, সিলেট সিটি করপোরেশনের আর্থিক সক্ষমতা সীমিত হলেও নগরীর সব সম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণে সহযোগিতা করার চেষ্টা অব্যাহত থাকবে। বৌদ্ধ সম্প্রদায়ের এ উদ্যোগেও সিটি করপোরেশন অংশীদার হতে চায়।
কঠিন চীবর দানের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। কঠোর পরিশ্রম ও ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে চীবর তৈরি করে ভিক্ষুদের দান করা হয়। এ আয়োজনের মধ্য দিয়ে দান, ত্যাগ, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে পড়ে।
এদিকে দিনব্যাপী আয়োজনে সকাল বেলার অনুষ্ঠানে প্রথমপর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী তাঁর বক্তব্যে বিহারের সার্বিক উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দেন।
সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ মহাথেরো’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহামনোকামনা পূর্ণ বিশ্বশান্তি বুদ্ধধাতু জাদির প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ শ্রীমৎ উকক্টঠ্ পঞ্ঞা থের। অতিথি হিসেবে বক্তব্য দেন বড়িয়াখালী নালন্দা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ দেবপ্রিয় থের,পশ্চিম ইদিলপুর শ্রদ্ধানন্দ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ কুশলা ভিক্ষু,আবুরখীল বিদর্শন বৌদ্ধ বিহারে উপাধ্যক্ষ শ্রীমৎ ধর্মজ্যোতি ভিক্ষু এবং সিলেট বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ দীপংকর বংশ ভিক্ষু।
এ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন তপন কান্তি বড়ুয়া মান্না,জ্যোতিমিত্র বড়ুয়া মিটুল, লিটন বড়ুয়া, দিলু বড়ুয়া সহ এডহক কমিটির আহ্বায়ক সুকান্তি বড়ুয়া, সচিব সুজন বড়ুয়া ও এনজয় বড়ুয়া প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পলাশ বড়ুয়া ও চন্দ্রিকা বড়ুয়া মন্টি।