শিরোনাম :
বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসবের উদ্বোধন কালে সিউক চেয়ারম্যান বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক মালয়েশিয়ায় সিলেটের যুবকের মৃত্যু, বাবার মুখ দেখল না ২৬ দিনের সন্তান সিলেট-তামাবিল মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত সিলেটে হামে আরও দুই শিশুর মৃত্যু হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিস উদ্বোধন ও সনদপত্র বিতরণ সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখার কমিটি অনুমোদন, সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম. এ. কাদর লিপু সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা: নাদেলের মৃত্যুদণ্ড সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ২ জন ভারতীয় খাসিয়া নাগরিককে অস্ত্র (এয়ারগান) ও গুলিসহ আটক নকশা ছাড়া ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা-সিউক চেয়ারম্যান কয়েস লোদী

বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসবের উদ্বোধন কালে সিউক চেয়ারম্যান

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও অন্যের ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।

তিনি বলেছেন, “অন্য ধর্মের প্রতি সহনশীল থাকা এবং অন্য ধর্মকে সম্মান প্রদর্শন করা—ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোর একটি। অথচ আমরা এখন সম্প্রীতি অটুট রাখার পরিবর্তে তা নষ্ট করার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি। আমাদের এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।”

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সিলেট বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবের প্রথম পর্বের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কয়েস লোদী বলেন, মহান আল্লাহ যখন কাউকে দায়িত্ব দেন, তখন সেই দায়িত্ব পালনের জন্য একটি নির্ধারিত সময় থাকে। দায়িত্ব পেলে মানুষের ও মানবতার কল্যাণে কাজ করাই হওয়া উচিত মূল লক্ষ্য। মানুষের মতের সঙ্গে মতের পার্থক্য থাকতে পারে। কিন্তু অন্যের মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান থাকতে হবে।

তিনি ফরাসি বিপ্লবের নায়ক ভলতেয়ারের মতপ্রকাশের স্বাধীনতাসংক্রান্ত বক্তব্যের উদাহরণ টেনে বলেন, মতের ভিন্নতা থাকলেও অন্যের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় আমাদের সচেতন হতে হবে। বহু বছর আগে থেকেই মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতির ধারণা ছিল। অথচ বর্তমান সময়ে এসে আমরা সেই সম্প্রীতি নষ্ট করার প্রতিযোগিতায় নেমেছি।

তিনি আরও বলেন, ধর্ম যার যার, কিন্তু শান্তি ও মানবতার শিক্ষা সবার জন্য। বক্তব্যের শুরুতে ‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, এর অর্থ ‘আপনার ওপর শান্তি বর্ষিত হোক’। অন্যের শান্তি কামনার চেয়ে সুন্দর সম্ভাষণ আর কী হতে পারে। এক ধর্মে দানকে মহৎ কাজ বলা হয়েছে, অন্য ধর্মেও দানকে উত্তম কাজ হিসেবে বিবেচনা করা হয়। এসব জায়গায় আমরা সবাই একই মানুষ।

সিলেট-১ আসনের সংসদ সদস্য বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষ থেকে বৌদ্ধ বিহারের উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কয়েস লোদী বলেন, নির্বাচনের আগে তিনি একাধিকবার এই বৌদ্ধ বিহারে এসেছেন। সেখানকার মানুষের সঙ্গে কথা বলেছেন, বৈঠক করেছেন এবং তাঁর দলের প্রার্থীর পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন। তাঁরা সেই পরিকল্পনায় বিশ্বাস রেখে সহযোগিতা করেছেন এবং ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এ জন্য সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষ থেকে তিনি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে সব ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণি ও পেশার মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন। সিলেটের সম্প্রীতির যে ঐতিহ্য রয়েছে, তা ভবিষ্যতেও অটুট থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য অনুসারে, প্রায় আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের জীবদ্দশায় মহাপুণ্যবতী বিশাখা কঠিন চীবর দানের প্রবর্তন করেন। সেই প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতিবছর বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ মহাপুণ্যময় দানানুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশে বৌদ্ধধর্মের নবজাগরণের অগ্রদূত পরম পূজ্য অর্হৎ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) জীবিত থাকাকালে ১৯৭৪ সালে রাঙামাটির রাজবন বিহারে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা এবং সুতা থেকে কাপড় বুনে চীবর তৈরির বিশেষ আয়োজন প্রথম শুরু করেন। পরবর্তী সময়ে তাঁর প্রবর্তিত এ ঐতিহ্য দেশের বিভিন্ন বৌদ্ধবিহারে ছড়িয়ে পড়ে।

বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন করেন। বর্ষাবাস শেষে আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত বর্ষাবাস পালনকারী বিহারগুলোতে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়।

সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহামনোকামনা পূর্ণ বিশ্বশান্তি বুদ্ধধাতু জাদির প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ শ্রীমৎ উকক‌্টঠ্ পঞ্ঞা থের।

অতিথি হিসেবে বক্তব্য দেন লগ্নসার আনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সুজনানন্দ থের, বড়িয়াখালী নালন্দা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ দেবপ্রিয় থের, পশ্চিম ইদিলপুর শ্রদ্ধানন্দ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ কুশলা ভিক্ষু এবং সিলেট বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ দীপংকর বংশ ভিক্ষু।

এ ছাড়া বক্তব্য দেন কঠিন চীবর দান উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক পলাশ বড়ুয়া, সুকান্তি বড়ুয়া, সচিব সুজন বড়ুয়া ও এনজয় বড়ুয়া প্রমুখ।

ক্যাপশন: সিলেট বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain