শিরোনাম :
সিলেট জৈন্তাপুর পৌরসভা গঠনের অনুমোদন সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক, ৪ জনই শিশু নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন গোপালগঞ্জে নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন যেসব শর্তে সিলেটে আটক ব্যাটারিচালিত যান ফেরত দেবে এসএমপি সিলেটে দুই দিনব্যাপী আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সম্পন্ন সিলেটের পরিবহন ধর্মঘট স্থগিত মহানবী (সা.) সর্বশেষ নবী, তাঁর পরে আর কোনো নবী নেই-এটাই আমাদের বিশ্বাস: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনস্বেচ্ছাসেবীদের মিলনমেলা সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে মালিক-শ্রমিকরা

সিলেট জৈন্তাপুর পৌরসভা গঠনের অনুমোদন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট জেলায় নতুন একটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। জেলার জৈন্তাপুর উপজেলাকে পৌরসভায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে সিলেটে পৌরসভার সংখ্যা পাঁচ থেকে বেড়ে ছয়টিতে দাঁড়াচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় জৈন্তাপুর পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়। একই সভায় বগুড়া জেলার মোকামতলা পৌরসভা গঠনসহ নতুন দুটি থানা স্থাপন, একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

জৈন্তাপুর পৌরসভা গঠনের মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে আরও এক ধাপ এগোল সীমান্তবর্তী এই উপজেলা। এর আগে গত ৯ জুলাই স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে জৈন্তাপুর উপজেলার নির্ধারিত পল্লী এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় জানানো হয়। পরবর্তী সময়ে ১৫ অক্টোবর চূড়ান্ত প্রজ্ঞাপন জারি এবং ১৭ অক্টোবর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় তা প্রকাশ করা হয়। এর মাধ্যমে পৌরসভা গঠনের আইনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি আসে।

চূড়ান্ত প্রজ্ঞাপনে জৈন্তাপুর উপজেলার ১ নম্বর নিজপাট ও ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের নির্ধারিত এলাকাকে শহর এলাকা ঘোষণা করা হয়। এর আওতায় নিজপাট ইউনিয়নের ডিবি হাওর, ঘিলাতৈল, গৌরিশংকর, নিজপাট, পূর্ব লক্ষীপ্রসাদ ও গুয়াবাড়ী মৌজা এবং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওর, মোয়াখাই, লামনীগ্রাম, মুক্তাপুর, বিরাইমারা হাওর ও ভিত্রিখেল মৌজার নির্ধারিত দাগ অন্তর্ভুক্ত রয়েছে।

জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল ইসলাম চৌধুরীর ভূমিকার কথাও উল্লেখ করছেন স্থানীয়রা। এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনেকে বলছেন, পৌরসভা গঠনের ফলে এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে।

স্থানীয়দের প্রত্যাশা, পৌরসভা গঠনের ফলে জৈন্তাপুরের সড়ক যোগাযোগ, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি, পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। পাশাপাশি পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

এতদিন সিলেট জেলায় পাঁচটি পৌরসভা ছিল। এগুলো হলো কানাইঘাট, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, বিশ্বনাথ ও বিয়ানীবাজার পৌরসভা। জৈন্তাপুর যুক্ত হওয়ায় জেলার পৌরসভার সংখ্যা এখন ছয়টি হলো।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain