শিরোনাম :
জালালাবাদ চক্ষু হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন দুর্ভোগের পর পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা সিলেটে দোকান-শপিংমলে মানতে হবে যে নির্দেশনা ধর্মঘটের কারণে সিলেটের পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, দিনভর ভোগা’ন্তি কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণে নারী-শিশুসহ আহত ৬

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: নারায়ণগঞ্জের ফতুল্লার একটি ছয় তলা ভবনের পাঁচ তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণে নারী ও শিশুসহ ছয়জন আহত হয়েছেন। ঘরে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

শনিবার রাত ১২টার দিকে কাশীপুর ইউনিয়নের হোসাইনী নগর এলাকার লক্ষ্মী নিবাস নামে আবাসিক ভবনটির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে এ বিস্ফোরণ হয় বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহম্মাদ।

এ ঘটনায় আহতরা হলেন- হোসাইনী নগর এলাকার লোকমানের ছেলে সবুজ খন্দকার (২৫), মো. রানা (৩০), তার স্ত্রী বিথী (১৮), তাদের শিশু সন্তান ও আবুল কালাম (৬০)৷ আহত আরেকজনের নাম পাওয়া যায়নি৷

স্থানীয়রা জানায়, রাত ১২টার দিকে লক্ষ্মী নিবাসের পাঁচ তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় ওই ফ্ল্যাটের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। দগ্ধ ও আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে চিকিৎসক তাদের রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন বলেন , “ভবনটির পঞ্চম তলার উত্তর-পশ্চিম পাশের ফ্ল্যাটটিতে বিস্ফোরণের সূত্রপাত৷ বিস্ফোরণে ফ্ল্যাটের দুই পাশের দেয়াল ভেঙে পড়ে গেছে৷

“পশ্চিম পাশের দেয়ালটি ভেঙে পাশের একটি টিনশেড ঘরের উপর গিয়ে পড়ে৷ ওই ঘরে কেউ না থাকায় হতাহত হননি৷ বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের ফ্ল্যাটেরও দরজা, দেয়াল ভেঙে গেছে, আসবাবপত্র সব পড়ে গেছে৷”

তিনি বলেন, “ফ্ল্যাটের ভেতরে জমা গ্যাস থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি৷ ফ্ল্যাটের ভেতর গ্যাস সিলিন্ডার ও তিতাস গ্যাসের লাইন দু’টোই রয়েছে৷ কোন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে তদন্তের পর তা নিশ্চিত করে বলা যাবে৷”

হোসাইনী নগর এলাকার ভবনটির মালিক মাসুদুর রহমান আসলাম৷ তার ছেলে মো. সীমান্ত বলেন, “বিকট শব্দে বিস্ফোরণটি হয়ে আগুন ধরে যায়৷ পরে ভাড়াটিয়ারা মিলে আগুন নেভান৷ পাঁচতলার দু’টি ফ্ল্যাটের দেয়াল ভেঙে গেছে৷

“ফায়ার সার্ভিসের লোকজন ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় জানিয়ে ফ্ল্যাটগুলো খালি করে দিতে বলেছেন৷ ভাড়াটিয়াদের সকলে আশপাশের আত্মীয়-স্বজনের বাড়িতে চলে যাচ্ছেন।”

স্থানীয়রা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পরপরই বিদ্যুৎ চলে যায়৷ বিস্ফোরণের শব্দ অন্তত আধা কিলোমিটার দূর থেকেও পাওয়া যায়৷

উল্লেখ্য, গত ২৯ জুলাই ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ভোলাইল এলাকার একটি ব্যাটারিচালিত রিকশার শো-রুমে ভয়াবহ বিস্ফোরণ হয়৷ ওই বিস্ফোরণে মারা যান শো-রুমের ম্যানেজারসহ আরও দুই কর্মী৷ আহত হন বেশ কয়েকজন৷ বিস্ফোরণের ওই ঘটনায় শো-রুমটির চারপাশের দেয়ালসহ পাশের দু’টি ভবনও ধসে পড়ে৷

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain