গোয়াইনঘাট ::: ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ছয় বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বুধবার (২৬ আগস্ট) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ফেরত আসা ছয়জন বিভিন্ন সময়ে সিলেটের গোয়াইনঘাট, সুনামগঞ্জ ও জামালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে মেঘালয়ের শিলং জেলা কারাগারে তিনজন এবং ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে তিনজন সাজাভোগ করেন। আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
ফেরত আসা ব্যক্তিরা হলেন-ঢাকার কদমতলীর মো. সাকিব (২৩), সুনামগঞ্জের ছাতকের আলিম উদ্দিন (২৯), নারায়ণগঞ্জের এমদাদুল হক (৪৩), রাজশাহীর গোদাগাড়ীর মো. তফিজুল ইসলাম (৪৭), চাঁপাইনবাবগঞ্জের মো. মামলত হোসেন (৩৪) ও রাজশাহীর গোদাগাড়ীর মো. রিহাম (১৯)।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে ছয় বাংলাদেশিকে গ্রহণ করা হয়েছে। পরে তাদের নিজ নিজ স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।