অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩৭ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল ও দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গত রবিবার (১১ অক্টোবর) রাতে মহানগর ৩৭ নং ওয়ার্ডস্থ নতুর বাজার সোনালী আবাসিক এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সম্মেলন সম্পন্ন হয়। সম্মেলনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির আগামী ২ বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।
৩৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক চান মিয়া বাচুর সভাপতিত্বে কাউন্সিল ও দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে ওয়ার্ডের পাড়া কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে তাদের আগামীদিনের ৩৭ নং ওয়ার্ডের নেতৃত্ব নির্বাচিত করেন। কাউন্সিলে ১৮০টি ভোটের মধ্যে ১৭৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।
এর মধ্যে সভাপতি পদে মোঃ রাজু মিয়া ৮৬টি ভোট পেয়ে ৩৭ নং ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো:তৈমুর রাজা পান ৭২
ভোট। মো: আব্দুল আজিজ পান ১৭ ভোট। আর সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ কাহির আহমেদ ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাব্বির হোসাইন জামিল পান ৬১ ভোট ও মো: রুবেল মিয়া পান ৪৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রাজন মিয়া ১০২টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: শিব্বীর আলী পান ৭৩ ভোট।
কাউন্সিল পরে ফলাফল ঘোষণা করেন,সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন
এডভোকেট আব্দুল মুকিত অপি, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট সাজেদুল ইসলাম সজীব, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মনজুর ইলাহী সামি।